Thursday, August 2, 2018
Tuesday, July 17, 2018
Saturday, July 14, 2018
Monday, October 9, 2017
ব্যতিক্রমী ‘মানব মানচিত্র’
লাখো শহীদের রক্তে পাওয়া বাংলাদেশ ভূখণ্ডের আদলে ব্যতিক্রমী ‘মানব মানচিত্র’ তৈরি করে সাড়া ফেলেছে বগুড়া জিলা স্কুলের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টায় জিলা স্কুল মাঠে এই মানব মানচিত্র প্রদর্শন করা হয়। এতে অংশ নেয় বিদ্যালয়ের ১ হাজার ৩৫৬ শিক্ষার্থী।
জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী সাকিব আল মাহমুদের দীর্ঘ এক বছরের প্রচেষ্টায় এ উদ্যোগ সফল হয়। তার এ উদ্যোগে শামিল ছিল আরও পাঁচ শিক্ষার্থী।
সাকিব এ ব্যাপারে প্রথম আলোকে বলেছে, কয়েক বছর আগে পার্শ্ববর্তী দেশ ভারতে ৩ হাজার ৯৪৭ জন মানুষের অংশগ্রহণে তৈরি মানব মানচিত্র গিনেস বুকে স্থান করে নেয়। তখন বাংলাদেশেও মানব মানচিত্র তৈরির পরিকল্পনা তার মাথায় আসে। পরিকল্পনা অনুযায়ী, এক বছর ধরে নিজের বিদ্যালয় মাঠে মানব মানচিত্র তৈরির অনুশীলন করতে থাকে তারা।
২৬ সেপ্টেম্বর বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দিনে ৫৭২ শিক্ষার্থীকে দিয়ে পরীক্ষামূলক মানব মানচিত্র তৈরি করা হয়। বিদ্যালয় মাঠে প্রদর্শিত এ মানব মানচিত্র দেখে শিক্ষকেরা ভূয়সী প্রশংসা করেন। আজ চূড়ান্তভাবে ১ হাজার ৩৫৬ শিক্ষার্থীর সমন্বয়ে পূর্ণাঙ্গ মানব মানচিত্র তৈরি করা হয়। জিলা স্কুল মাঠে প্রদর্শিত আয়োজন দেখতে শিক্ষার্থী ছাড়াও ভিড় করেন অনেক অভিভাবক ও দর্শক।
সাকিব আল মাহমুদ বলল, ‘নয় মাসের সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতা। লাখো শহীদের রক্ত আর নারীর সম্ভ্রমের বিনিময়ে পাওয়া বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্থান করে নিয়েছে। খুব ইচ্ছে ছিল বাংলাদেশের এই মানচিত্র ব্যতিক্রমিভাবে উপস্থাপন করার। এক বছর ধরে বাংলাদেশের মানচিত্রের আদলে নির্ভুল মানব মানচিত্র তৈরির কাজে লেগে পড়ি। এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণার পর বিদ্যালয় থেকে বিদায় নেওয়ার দিনক্ষণ যত ঘনিয়ে আসছিল, মানব মানচিত্র বাস্তবে রূপ দিতে না পারার ব্যর্থতায় তত কষ্ট পাচ্ছিলাম। তবে শেষ পর্যন্ত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ের দিনে পরীক্ষামূলকভাবে কাজটি করতে সফল হই। ড্রোন উড়িয়ে ওই মানব মানচিত্রের ছবি তোলা হয়। মানব মানচিত্রের এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের অনুপ্রেরণায় আজ বিদ্যালয় মাঠে তা চূড়ান্তভাবে প্রদর্শনের উদ্যোগ নিই।’
মানচিত্র তৈরির কৌশল সম্পর্কে জানাতে গিয়ে সাকিব বলে, প্রথমে মাঠে চুন ছিটিয়ে বাংলাদেশের মানচিত্রের আদল তৈরি করা হয়। এরপর চুনের ওপর ১ হাজার ৩৫৬ শিক্ষার্থী দাঁড়িয়ে মানব মানচিত্রে অংশ নেয়। এ কাজে সহযোগিতা করে তাঁর সহপাঠী মিথুন প্রামাণিক, তানজিম আলম, ঈসমাইল হোসেন ও আল আসের ইশরাক এবং সরকারি শাহ সুলতান কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী মশিউর রহমান।
বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক আবু নূর মোহাম্মদ আনিসুল ইসলাম চৌধুরী বলেন, বিদ্যালয় মাঠে শিক্ষার্থীরা দুর্দান্ত মানব মানচিত্র তৈরি করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন উদ্যোগের ফলে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে পড়বে।
Wednesday, February 1, 2017
Friday, January 27, 2017
Sunday, January 22, 2017
Subscribe to:
Posts (Atom)
